ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা মিয়াপাড়ার বুদ্ধিপ্রতিবন্ধী মাহবুলের দুই মেয়ে মহিনি আক্তার মিলি ও সোহেলি আক্তার মিথিলা স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তার বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাদের দুজনকে না পেয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তবে আলমডাঙ্গা থানা-পুলিশ তাদের খোঁজ পেয়েছে বলে দাবি করে জানায়, দুই বোন তার মা শান্তা বেগমের কাছে রংপুরে আছে।
জানা গেছে, মহিনি আক্তার মিলি (১৫) ও সোহেলি আক্তার মিথিলা (১০) দুজন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ব্রাইট মডেল স্কুলে লেখাপড়া করে। গত বৃহস্পতিবার মাহবুলের দুই মেয়ে স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বের হয়ে তাদের মা শান্তা বেগমের কাছে চলে যায়। তাদের বাড়িতে ফিরতে না দেখে মিলি ও মিথিলার পিতা মাহবুল থানায় সাধারণ ডায়েরি করেন। খোঁজ নিয়ে জানা যায়, মাহবুল বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তার স্ত্রী শান্তা বেগম ফেসবুকের মাধ্যমে রংপুরের একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে প্রেমের টানে ঘর ছেড়ে শান্তা বেগম রংপুরের ওই ছেলেটির কাছে চলে যান। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তাঁর পুরোনো স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী মাহবুলকে তালাক দেন শান্তা। এদিকে তাঁর আগের ঘরে দুটি মেয়ে বড় হতে থাকে। তারা মায়ের অভাব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। বৃহস্পতিবার কাউকে কিছু না বলে মিলি ও মিথিলা দুই বোন তাদের মায়ের কাছে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার নাম করে রংপুর চলে গেছে। এদিকে তাদের নিখোঁজের বিষয় নিয়ে আলমডাঙ্গার অভিভাবক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়। গতকাল তাদের দুই বোনকে পাওয়া গেছে বলে বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান। তাঁরা দুই মেয়ে ও তার মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন যে, দুই মেয়ে তার মায়ের কাছে আছে। তাদের খোঁজ পাওয়ার মাধ্যমে নিখোঁজ নাটকের অবসান হয়।
