ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা পৌর এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছে চোরচক্র। গত মঙ্গলবার রাতভর পৌর এলাকার এরশাদপুরে চোরচক্র তা-ব চালিয়ে বাইসাইকেলসহ মোবাইল ও সোনার গয়না চুরি করেছে। এ চুরির ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চোর-আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড এরশাদপুরে গত মঙ্গলবার রাতে গ্রামের বিভিন্ন পাড়ায় সক্রিয় চোরচক্রের সদস্যরা তা-ব চালায়। এ সময় এরশাদপুর চাষীপাড়ার আলফার বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি করে নিয়ে যায় চোরেরা। একই পাড়ার নজুর বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে পাশের মাঠের মধ্যে ফেলে রেখে যায় এবং বাড়ির বাইরে থাকা বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। স্কুলপাড়ার সেলিমের বাড়ি থেকে একইভাবে ঘরের বাইরে থাকা হাড়ি-পাতিলসহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে যায়। তাঁতীপাড়ার একটি বাড়ি থেকে গোয়ালঘরে থাকা ছাগল চুরির সময় বাড়ির লোকজনের ধাওয়ায় পালিয়ে যায় চোরেরা। এ ছাড়া এরশাদপুর মাঠপাড়া থেকে ঘরের জানালা ভেঙে মোবাইল, গয়না ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। গতকাল বুধবার সকালে ঘটনাটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে চোর-আতঙ্ক সৃষ্টি হয়। স্থানীয় লোকজন দাবি করেন, এলাকার কিছু ব্যক্তির যোগসাজশে এ চুরির ঘটনা ঘটেছে।
