ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর-জীবননগর সড়কে দুই বাসের পাশাপাশি সংঘর্ষ
প্রতিবেদক, কোটচাঁদপুর:
কোটচাঁদপুর-জীবননগর আন্তঃজেলা জেলা সড়কে যাত্রীবাহী দুইটি বাসের পাশাপাশি সংঘর্ষে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ কমপক্ষে ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল পৌনে নয়টার দিকে কোটচাঁদপুরের সীমান্তবর্তী কাটাখালী ব্রীজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরতর আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, দর্শনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের (ঢাকা-ব-১৫-১৯৭৮) একটি বাসের সঙ্গে কালীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া জীবননগরগামী শাপলা পরিবহনের গাজী ডিলাক্স (যশোর-জ-১১-০০৬৮) গাড়ির পাশাপাশি সংর্ঘষ হয়। এতে শাপলা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এ ঘটনায় শাপলা পরিবহনের যাত্রী শিশুসহ ৩০ জন আহত হন।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (এসও) আব্দুর রাজ্জাক জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।’
কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ জানান, আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরতর আহত দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় রয়েল পরিবহনের বাসটি চলে গেলেও দুর্ঘটনা কবলিত শাপলা পরিবহনের বাসটিকে মহেশপুর থানার পুলিশ আটক করেছে।
