ছবির ক্যাপশন:
প্রহরীর খেলা দেখার চোরচক্রের তান্ডব
নিজস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে চলছে ক্রিকেট জ্বর। একটু সময় পেলেই সবাই টিভির সামনে জড়ো হচ্ছেন প্রিয় দলের খেলা দেখতে। আর এ সুযোগে অপরাধীরা তাঁদের অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছেন নির্দ্বিধায়। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা শহরের ঘটল এমন একটি ঘটনা। চুয়াডাঙ্গা শহরের পৌরসভা মোড়ে অবস্থিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নৈশ প্রহরীর খেলা দেখার সুযোগে স্কুলের টিনের ছাউনির নিচের সিলিং কেটে কম্পিউটার, এলইডি টিভিসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরে। বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ দেখার জন্য সবাই দ্রুত বাড়ি চলে যাওয়ায় গতকাল শহরের অধিকাংশ স্থান ছিল জনশূন্য। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় চোরচক্র আটক করতে জোর অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান। গতকাল রাত ১০টার দিকে ওই চুরির ঘটনা ঘটে। চুরি ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
জানা যায়, ভারত-বাংলাদেশের ক্রিকেট খেলা চলার সময় একদল চোর চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের কক্ষের টিন কেটে সিলিং ভেঙে ১টি কম্পিউটার, প্যাকেট করা নতুন ৩২ ইঞ্চি এলইডি টিভি, কম্পিউটারের ২টি সাউন্ডবক্স ও ২টি ব্যাটারি টিনের ছাউনির ওপর তোলে। এ সময় টিন কাটার শব্দ শুনে নৈশ প্রহরীও টিনের ওপর উঠে চোরের দলকে ধাওয়া দিলে দুটি ব্যাটারি ও কম্পিউটারের দুটি সাউন্ডবক্স টিনের ওপর রেখে টিভি ও কম্পিউটার নিয়ে পালিয়ে যায় ওই চোরের দল। পরে চুরির ঘটনা স্কুল কর্তৃপক্ষ জানতে পারলে জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোট লেখা পর্যন্ত কোনো চোর আটক বা চুরি হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
নৈশ্য প্রহরী মোহাম্মদ আলী লাবলু জানান, এশার নামাজ পড়ে তিনি ক্রিকেট খেলা দেখতে ওয়ালটনের শোরুমের সামনে যান। কিছুক্ষণ পর স্কুলে ফিরে এসে টিন কাটার শব্দ শুনতে পান তিনি। এ সময় তিনি হাতে লাঠি নিয়ে স্কুলের আশপাশে খুঁজেও কাউকে না পেয়ে টিনের ওপর উঠেন। সতর্ক চোরের দল নৈশ প্রহরী আসছে বুঝতে পেরে টিভি ও কম্পিউটার নিয়ে পালিয়ে যায়। এ সময় ব্যাটারি ও সাউন্ডবক্সগুলো টিনের ওপর ফেলে যায় তারা।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তা ছাড়া চোর আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে। খুব দ্রুতই চোর আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
