ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
ঠাকুরগাঁওয়ে যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটের ছুরির আঘাতে তানজিনা আক্তার (২০) নামে এক নার্সের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মাদ্রাসা পাড়ায়। এলাকাবাসী সূত্রে জানা গেছে , গত ২০ শে জুন সকাল ৮টার দিকে তানজিনা আক্তার বাড়ি থেকে বের হয়ে তার কর্মস্থল ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। সে সময় আগে থেকে রাস্তায় ওত পেতে থাকা বখাটে জীবন গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়রা তাকে মুমূূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরদিন ২১শে জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। তানজিনার বাবা হামিদ আলী বলেন, জীবন প্রতিদিন এলাকার বিভিন্ন মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে তার অন্যায় সহ্য করতে না পেরে উত্ত্যক্তকারী জীবনকে শাসন করে। এরই জের ধরে জীবন আমার মেয়েকে ছুরিকাঘাত করে। আমার মেয়ে এক সপ্তাহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৭শে জুন সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যুর কাছে হার মানে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান মানবজমিনকে বলেন- আসামি জীবনকে ঘটনার দিনে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ শিগগিরই ৩০২ ধারায় চার্জশিট দাখিল করবে।
