এসএম শাফায়েত:
রিক্রুটিং পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষায় সব কটি পর্যায়ে শীর্ষে থেকে প্রথম স্থান অধিকারী সানজিল আহম্মেদের বাড়ি গেলেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। গতকাল বুধবার রাত ১০টার দিকে সতীর্থদের সঙ্গে নিয়ে পৌর এলাকার বেলগাছিতে যান তিনি। সম্মিলিত মেধাতালিকায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ সানজিলকে এ সময় জড়িয়ে ধরেন তিনি এবং মিষ্টিমুখ করান। পুলিশ সুপারের আগমনে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরাও। এদিকে সানজিলের বাড়ি থেকে ফিরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনুভূতি প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, `ঘড়ির কাঁটায় ঠিক যখন রাত দশটা, তখন হঠাৎ করেই আমি গিয়ে হাজির হলাম সানজিল আহম্মেদের বাসায়। ও হচ্ছে আজকের ম্যাচের হিরো, অর্থাৎ ট্রেইনি কনস্টেবল রিক্রুটমেন্ট ‘মে ২০১৯’-এর পরীক্ষায় চুয়াডাঙ্গা জেলার মধ্যে সম্মিলিত মেধাতালিকায় সর্বোচ্চ ৫২ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জনকারী। সানজিলেরা তিন ভাই। বাবা কাঠের ব্যবসা করেন, মা গৃহিণী। সে চার জায়গায় টিউশনি করে বাবা-মাকে সংসারের হাল ধরতে সহায়তা করতো। আজ পুলিশের চাকরিতে প্রথম স্থান অধিকার করে মনোনীত হওয়ার পর পরিবারের পাঁচ জন সদস্যের ভেতর আনন্দের যে ফল্গুধারা প্রবাহিত হচ্ছিল, তাতে নিজেকে একটু ভিজিয়ে নিলাম। দোয়া রইল বাংলাদেশ পুলিশের এই নবীন সদস্যের পরিবারের প্রতি...।`
