নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার মাদারহুদায় পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে ছেলের মা ও মামাকে মারধরের ঘটনা ঘটেছে। গতরাত ১২টার দিকে মাদারহুদা গ্রামের চার রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন লালবানু (৪০) ও তাঁর বড় ভাই বিল্লাল (৪৫)। আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ দিন পূর্বে লালবানুর ছেলে আমির হামজা (১৮) ও একই এলাকার তাহেরের মেয়ে সিমা (১৮) প্রেমের সম্পর্কের জের ধরে পালিয়ে যান। এরপর থেকে কিছুদিন তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তাঁরা বিবাহ করেছে তা নিশ্চিৎ জানতে পেরেছিলেন উভয় পরিবারের সদস্যরা। গতকাল রাতে ছেলে ও ছেলের বউ সিমার খোঁজ পেয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁদেরকে নিয়ে মাদারহুদার উদ্দেশে ফিরছিলেন লালবানু ও তাঁর ভাই বিল্লাল। তাঁরা ছেলে ও ছেলের বউকে নিয়ে মাদারহুদা চার রাস্তার মোড়ে পৌঁছালে সিমার বাবা তাহের ও তাহেরের পরিাবরের আরও কয়েকজন তাঁদের পথ রোধ করে সিমাকে টেনে নিয়ে যেতে চাইলে, লালবানু বাঁধা দিলে তাঁকে ও তাঁর ভাই বিল্লালকে কিলঘুষি মেরে গুরুত্বর আহত করে ও সিমাকে নিয়ে চলে যান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে আনলে কতর্বরত চিকিৎসক বিল্লালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয় ও লালবানুকে হাসপাতালে ভর্তি রাখেন।
