ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ক্রীড়ানুরাগীদের মধ্যে অনুদানের চেক বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আর্থিকভাবে অসচ্ছল ক্রীড়ানুরাগীদের মধ্যে এ চেক বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত কার্যক্রমের সুফল তৃণমূল জনগণের নিকট পৌঁছে যাচ্ছে। ক্রীড়াবিদদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আছে সব সময়। এ সময় তিনি আরও বলেন, ‘ক্রীড়াঙ্গনে এক সময় চুয়াডাঙ্গা জেলার অনেক ভালো অবস্থান ছিল। দিন দিন সে অবস্থান হারিয়ে যাচ্ছে। আমাদের ক্রীড়া নিয়ে কাজ করতে হবে। ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান। অনুষ্ঠানে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে প্রদত্ত এককালীন আর্থিক অনুদানের দেড় লাখ টাকা ১৫ হাজার করে ১০ জন ক্রীড়ানুরাগীর মধ্যে প্রদান করা হয়।
