ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালানো
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় পুলিশের হাতে আটক দুলাল নামের এক মাদকসেবী ও ব্যবসায়ী হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১৪ ঘণ্টার মধ্যে আটক হয়েছেন। গত রোববার রাতে তাঁকে কালিদাসপুর সাদা ব্রিজের নিকট থেকে আটক করার পর পুলিশ হাতকড়া পরিয়ে তাঁর নাম-ঠিকানা লেখার সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য হন্যে হয়ে খুঁজতে থাকে। গতকাল সোমবার সকাল নয়টার দিকে গোপন সংবাদে জানা যায়, কালিদাসপুর গ্রামের একটি মাঠে মাদকসেবী দুলাল অবস্থান করছেন। খবর পেয়ে পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলে দুলালকে আটক করে। ধরা পড়ার পর দেখা যায়, দুলাল হাতকড়ার রড ঘষে ঘষে কেটে ফেলেছেন।
উল্লেখ্য, আলমডাঙ্গার কালিদাসপুর সাদা ব্রিজের কাছ থেকে আলম মিস্ত্রির ছেলে মাদকসেবী ও ব্যবসায়ী দুলালকে ডিএসবির জামিরুল ও কনস্টেবল হারুন জনগণের সহযোগিতায় পাঁচ পিস প্যাথেডিন ইনজেকশন, চার বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটকের পর থানার এসআই গিয়াস সেখানে উপস্থিত হয়ে আসামির নাম-ঠিকানা ও জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নিচ্ছিলেন। এ সময় দুলাল সুযোগ বুঝে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। গতকাল তাঁকে মাদক আইনে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
