ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে লাইনে দাঁড় করিয়ে ঘুষের টাকা ফেরত দেওয়ার খবরটি এখন টক অব দি টাউনে পরিণত হয়েছে। খবরটি এখন মানুষের মুখে মুখে। এ নিয়ে ঝিনাইদহ শহরের চায়ের আড্ডায় আলোচনা-সমালোচানাও কম হচ্ছে না। বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে ১২৬ পরিবারের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির শৈলকুপা উপজেলার এলাকা ৭-এর পরিচালক নুরুজ্জামান। পল্লী বিদ্যুৎ সমিতির অনুসন্ধানে অভিযোগটি প্রমাণিত হয়। অবশেষে গ্রাহকদের চাপের মুখে ঘুষের ১ লাখ ৩৮ হাজার ১ শ টাকা তিনি ফেরত দিতে বাধ্য হন।
গত বৃহস্পতিবার রাত আটটার দিকে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়িয়া গ্রামের পৃথক দুটি স্থানে আনুষ্ঠানিকভাবে ঘুষের টাকা ফেরত দেওয়া হয়। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টাকা বুঝে নেন গ্রাহকেরা। এ সময় ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলতাফ হোসেন, শৈলকুপা উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, সমিতি বোর্ডের সভাপতি হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন ও সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মো. রেজাউল করিম রাজিব উপস্থিত ছিলেন। এ খবরটি দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রচার হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
