ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সমীকরণ প্রতিবেদন: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। শিশুর দেহের স্বাভাবিক বিকাশ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষে দেশের ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। চুয়াডাঙ্গায়: চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গা পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. খাইরুল আলম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামিম কবীর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান, পৌরসভার প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, সিরাজুল ইসলাম মনি, গোলাম মোস্তফা শেখ মাস্তার, আবুল হোসেন, রাসেদুল হাসান মানু, জাহাঙ্গীর আলম-১, শেফালি খাতুন, শাহিনা আক্তার রুবি ও সুলতানা আরা রতনা এবং পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান। অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম। সার্বিক তত্বাবধানে ছিলেন টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকায় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীন ভাবে ৭৮টি কেন্দ্রে ছয় হতে ১১ মাস বয়সী ১ হাজার ২০০ শিশুকে একটি করে নীল রঙের ও ১২ হতে ৫৯ মাস বয়সী ১০ হাজার ২০২ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হলে ছয় থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে ভিটামিন এ-এর অভাবজনিত রাতকানা রোগের প্রার্দূভাব কমে আসবে এবং শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে ও অপুষ্টিজনিত মুত্যু প্রতিরোধ করা সম্ভব হবে। আলমডাঙ্গা: আলমডাঙ্গায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল আটটার দিকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মামুন অর রশিদ হাসান, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, সামসাদ রানু, নূরজাহান খাতুন প্রমুখ। এবার পৌরসভার ২৪টি স্থায়ী টিকা কেন্দ্রে, ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ১১টি অতিরিক্ত কেন্দ্রের ৩ মোবাইল টিমে ১৩০ জন স্বেচ্ছাসেবক ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৭৫০ জন ও ১ থেকে ৫ বছর বয়সী ৭০৪০ জন শিশুর লক্ষ্যমাত্রায় ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়। দামুড়হুদা: দামুড়হুদায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার নির্বাহী কর্মকর্তা দীপ্তিময়ী জামান। এ ছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মকবুল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, দামুড়হুদা সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুর রহমান মুকুল, উপজেলা সেনেটারী ইন্সপেক্টর জামাত আলী, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম প্রমুখ। জীবননগর: জীবননগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল আটটায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে উপজেলার চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, ডা. মাহমুদা খাতুন, ডা. মাহমুদ বিন হেদায়েদ সেতু প্রমুখ। এ বছর উপজেলার ৮টি ইউনিয়নে ১১০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২ হাজার শিশুকে ১ লাখ আইইউ ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের শিশুকে ২ লাখ আইইউ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম। এদিকে একইদিনে জীবননগর পৌরসভার আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। জীবননগরের পৌর মেয়র জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জায়েদ হোসেন, পৌর কাউন্সিলর আবুল কাশেম, খন্দকার আলী আজম, আপিল উদ্দিন, আত্তাব উদ্দিন, বিউটি খাতুন, রিজিয়া খাতুন, ভারপ্রাপ্ত ইন্সপেক্টর জামাল হোসেন প্রমুখ। এ বছর জীবননগর পৌরসভায় ২৮টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ৪৬২ জন শিশুকে ১ লাখ আইইউ ভিটামিন এ ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছরের শিশুকে ২ লাখ আইইউ এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অনুষ্ঠানটি সার্বিক পরিচলনা করেন পৌর কর্মকর্তা আবুল কালাম আজাদ। মেহেরপুর: মেহেরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন সদর উপজেলার বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে কয়েকজন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন। এ সময় সিভিল সার্জন ৬ মাস থেকে ৫ বছরের সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ার আহবান জানান। সদর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, ইপিআই সুপার আব্দুস সালাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন। এ দিন শনিবার জেলার ৬৭ হাজার ৮২১ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গাংনী: গাংনীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল আটটার দিকে গাংনী উপজেলার মালশাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নবীর উদ্দীন, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি খোকনের একান্ত সহকারী আবু সুফিয়ান, ইপিআই আব্দুর রশিদ। গাংনী উপজেলার ২১৯টি কেন্দ্রে এবার ৬-১১ মাস বয়সী ৪ হাজার ১২ জন শিশুকে নীল রংয়ের এবং ১২-৫৯ বছর বয়সী ২৯ হাজার ৮ শ ৪৫ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে। ঝিনাইদহ: ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে শিশুকে ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানা। এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাৎ আহম্মেদ, সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ৫ শ ৩ জন ও ১২ মাস থেকে ৬৯ মাস বয়সী এক লাখ ৯৬ হাজার ৬ শ ৫১ জন শিশুকে ভিটামির এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ জন্য জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভা এলাকায় ১৮ শ ৭১টি কেন্দ্র খোলা হয়েছে। এ কাজে ৩ হাজার ৭ শ ৪২ জন স্বেচ্ছাসেবী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ৪ শ ৯৪ জন মাঠকর্মী সহায়তা করেছেন।
