ছবির ক্যাপশন:
জীবননগরে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে আলোচনা সভায় ইউএনও সিরাজুল ইসলাম
জীবননগর অফিস:
জীবননগরে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন ও কিশোরী ক্লাবের আয়োজনে সীমান্ত ইউনিয়নের পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা নুঝাত পারভিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম।
ইউএনও সিরাজুল ইসলাম বলেন, ‘যদি কোনো কাজি বা ইমাম বাল্যবিবাহ দেন, তাহলে আমাকে জানাবেন। আমি সঙ্গে সঙ্গে কাজি, ইমাম, বরপক্ষ ও কনেপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। বাল্যবিবাহ ও যৌন হয়রানির প্রতিবাদ করতে হলে মেয়েদের সাহসী হতে হবে। সাহসের সঙ্গে প্রতিবাদ করলে উত্ত্যক্তকারী ভয় পাবে। সমাজে আমরা যদি সবাই সচেতন হই, তাহলে বাল্যবিবাহ ও যৌন হয়রানি বন্ধ করা সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জীবননগর সরকারি মহিলা কলেজের প্রভাষক শরিফ উদ্দিন ও ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আশরাফুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, সীমান্ত ইউপির সদস্য ইমাদ আলী, আব্দুল কাদের প্রমুখ।
