ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার ও গত রোববার পৃথকস্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এ যুবককে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. হাসমত আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা মাঠপাড়ার চুনারঘাট নামক স্থান থেকে দুই বোতল ভারতীয় ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ হাদীউল ইসলাম (২৭) নামের এক যুবককে আটক করেন। আটক হাদীউল ঝাঝাডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিল ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ৮২ হাজার টাকা। আটক আসামিসহ উদ্ধার হওয়া ফেনসিডিল ও মোটরসাইকেল দামুড়হুদা থানায় সোর্পদ করে মামলা করা হয়েছে।
একইদিন রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. জাহাঙ্গীর হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর মাঠ থেকে ৩৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৩ হাজার ৬ শ টাকা।
এদিকে গত রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মো. মনির হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা ব্রিজ নামক স্থান থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১৯ হাজার ২ শ টাকা।
