ছবির ক্যাপশন:
গাংনী অফিস:
মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকারকে প্রত্যাহার করা হয়েছে। ডিআইজি খুলনার নির্দেশে তাঁকে গতকাল রোববার প্রত্যাহার করে নেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ‘খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্যারের নির্দেশনায় তাঁকে প্রত্যাহার করে মেহেরপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে।’ ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তাঁকে প্রত্যাহার করা হয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করেননি এ কর্মকর্তা।
তবে একটি বিশেষ সূত্র জানিয়েছে, গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার ২০১৭ সালের ২৬ নভেম্বর গাংনী থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তাঁর বিরুদ্ধে নানা অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ ওঠে। এলাকার সাধারণ মানুষকে ধরে আটক বাণিজ্যও করেন তিনি। এ সকল অভিযোগের বিভিন্ন তথ্য প্রমাণ পেয়ে তাঁকে গাংনী থানা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এদিকে, মেহেরপুর জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান গাংনী থানার নবাগত ওসি হিসেবে যোগদান করছেন। আজ সোমবার থেকে তিনি গাংনী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।
নবাগত ওসি ওবাইদুর রহমান জানান, অনিয়ম, ‘ঘুষ ও দুর্নীতিমুক্ত গাংনী থানা গড়ে তোলায় আমার লক্ষ্য। দালাল, চোর ও সন্ত্রাসীদের আতঙ্কিত করতে আমার গাংনী থানায় যোগদান।’ তিনি গাংনীবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
