ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রাতবাদ ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আজ দুপুর ১২টায় দেশের প্রতিটি কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জেলা শহরে এ কর্মসূচি পালন করবে তারা। গতকাল শনিবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আন মানুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ব্যাপক আকারে প্রশ্নফাঁসের খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোপূর্বে পটুয়াখালীতে ৪৫ জনসহ অন্যান্য জায়গায় বেশ কয়েকজনকে আটক করার ফলে প্রশ্নফাঁসের ঘটনার সত্যতা প্রতীয়মান হয়। কিন্তু পরিতাপের বিষয় হলো ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষা বাতিল করা হবে কি না বা পরবর্তী করণীয় কি হবে সে সম্পর্কে কর্তৃপক্ষকে ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কোন সিদ্ধান্ত নিতে দেখা যায়নি। এই ফাঁস হওয়া প্রশ্নের পরীক্ষাকে বৈধ হিসাবে মেনে নেওয়াকে নৈতিকতার চরম অবক্ষয় বলে চাকরি প্রার্থীরা মনে করে। বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এমন অবস্থাকে কখনোই সমর্থন করে না। ঝংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে পুনরায় সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার দাবি জানায়। পাশাপাশি প্রশ্নফাঁস জালিয়াতির সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছে।
