ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। যার আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। গতকাল সোমবার ৫৮ বিজিবির এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে। ৫৮ বিজিবির অধিনায়কের পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, রোববার রাত নয়টার দিকে খোসালপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার-৬০/১০৫-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া মাঠের একটি মেহগনি বাগান থেকে মালিকবিহীন ভারতীয় ১৪৭ বোতল মদ উদ্ধার করেন। তবে এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেননি।
