নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গার নতিডাঙ্গায় স্বামীর কাছে কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের নতিডাঙ্গা আবাসনের আহাদ আলীর মেয়ে বিথি খাতুন (২৪) ও তাঁর মেয়ে রিয়া খাতুন (৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বিথি খাতুনের স্বামী নতিডাঙ্গা পুরাতন মসজিদপাড়ার নূর নবীর ছেলে নাজমুল তাঁর দ্বিতীয় স্ত্রী নিয়ে একই এলাকায় বসবাস করে। প্রায় চার মাস পূর্বে নাজমুল বিথি খাতুনকে সঙ্গে করে ১৫ হাজার টাকার কিস্তিতে আলমডাঙ্গা থেকে একটি মোবাইল ফোন কেনেন। এরপর নাজমুল কর্মসূত্রে চট্টগ্রাম চলে যান। এরপর কিস্তির টাকা নাজমুল আর বহন করেননি। কিছুদিন পূর্বে নাজমুল নতিডাঙ্গা এলেও স্ত্রী বিথি ও তাঁর মেয়ে রিয়ার কোনো খোঁজখবর রাখেননি। গতকাল শনিবার আলমডাঙ্গা থেকে মোবাইলের কিস্তির টাকা নিতে এলে বিথি তাঁর মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীর কাছে কিস্তির টাকা চাইতে যান। এ সময় বিথির সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনদের বাগ্বিত-া সৃষ্টি হয়। একপর্যায়ে নাজমুলের পরিবারের লোকজন চড়াও হয়ে বিথি খাতুনকে বেধড়ক মারধর করেন। এ সময় মেয়ে রিয়া খাতুনও আহত হয়। পরে বিথির পরিবারের সদস্যরা স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন তাঁদের তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
