জীবননগরে জনগণের হাতে গাছসহ আটক ৪

আপলোড তারিখঃ 2019-06-08 ইং
জীবননগরে জনগণের হাতে গাছসহ আটক ৪ ছবির ক্যাপশন:
মহিলা ভাইস চেয়ারম্যানের নির্দেশে সরকারী গাছ কর্তনের অভিযোগ জীবননগর অফিস: জীবননগরে ঈদের ছুটির সুযোগে উপজেলা পরিষদের সরকারি সেগুনগাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকীর বিরুদ্ধে। গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগণ হাতেনাতে কর্তনকৃত সরকারি গাছসহ চারজন গাছকাটা লেবারকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট হস্তান্তর করেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলা পরিষদের সব কর্মকর্তা-কর্মচারী ঈদের ছুটিতে বাড়িতে চলে যাওয়ার সুযোগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে চারজন ব্যক্তি উপজেলা পরিষদের মধ্যে সরকারি সেগুনগাছ কাটছিলেন। এ সময় তাঁদের কাছে গাছকাটার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, ‘উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের এই সেগুনগাছটি কাটতে বলেছেন।’ এ কথায় সন্দেহ হলে গাছকাটা লেবারদের আটক করে ইউএনও’র নিকট হস্তান্তর করে স্থানীয় ব্যক্তিরা। গাছকাটা লেবার জাফর আলী জানান, ‘মঙ্গলবার কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম আমাদের বলেন, মহিলা ভাইস চেয়ারম্যানের একটি গাছ কেটে দিতে হবে। এই বলে আমাদের দিয়ে গাছ কাটিয়ে নেন।’ কাঠ ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী আমাকে ফোন দিয়ে বলেন, আমার কয়টা গাছ কাটা লেবার লাগবে, আমি তাকে বলি কোথায় গাছ কাটবেন। তিনি বলেন, উপজেলা পরিষদের মধ্যে একটা সেগুনগাছ কাটব। আমি তাঁকে বলি, গাছ না দেখে আমি কয়টা লেবার লাগবে বলতে পারব না। তিনি আমাকে বলেন, তুমি আমার বাড়ির সামনে আসো, তোমাকে গাছটি দেখিয়ে নিয়ে আসি। আমি তাঁর সঙ্গে যেয়ে গাছটি দেখি। গাছটি প্রায় ১৬ সেফটির মতো। যার বাজার মূল্যে প্রায় ২০ হাজার টাকা। এরপর গাছ দেখে চারজন লাগবে বলে আমি তাঁকে জানাই। তিনি বলেন, তাহলে গাছটি কেটে তোমার মিলে নিয়ে যাও। তার কথা মতো বৃহস্পতিবার সকালে আমি উপজেলা পরিষদে লেবার পাঠাই গাছকাটার জন্য।’ তথ্যনুসন্ধানে জানা গেছে, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকীর বিরুদ্ধে এর আগেও উপজেলা পরিষদের পুকুরের ১৬ কেজি মাছ চুরি করে বিক্রির অভিযোগ আছে। এ ব্যাপারে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্যে নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, উপজেলা পরিষদের গাছ যে ব্যক্তি কেটেছে, সে অন্যায় করেছে। সে যেই হোক না কেন? সরকারি নির্দেশনা ছাড়া পরিষদের গাছকাটায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে জানতে পারি, উপজেলা পরিষদের মধ্যে থেকে কে বা কারা? সেগুনগাছ কেটে নিয়ে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে আমি ঘটনাস্থলে ছুটে যায়। পরে গাছকাটা লেবারদের জবানবন্দি অনুযায়ী উপজেলার পিচমোড় নামকস্থানে সীমান্ত কাঠগোলায় অভিযান চালিয়ে পরিষদের সেগুন গাছের অর্ধেক উদ্ধার করা হয়। ঘটনায় ওই ‘স’ মিলের মালিকের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)