ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে ঈদের দিন সকালে মোটরসাইকেল দুর্ঘটনা
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন কোটচাঁদপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুল আলীমের ছেলে দুলাভাই বিপুল হোসেন (১৮), শ্যালক চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাড়ান্দী রায়পুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রানা (১৪) ও ফিরোজ (১৬)। রানা ও ফিরোজ ছিল আপন চাচাতো ভাই। ঈদের দিন সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, বিপুল হোসেন নতুন বিয়ে করে জীবননগরের বাড়ান্দি রায়পুর গ্রাম থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি জগন্নাথপুর গ্রামে ফিরছিলেন। তারা মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর উত্তরপাড়া ঈদগাহঁ এলাকায় পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুলাভাই বিপুল ও শ্যালক রানা নিহত হয়। চাচাতো শ্যালক ফিরোজকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর ও পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে সেও মৃত্যুবরণ করে।
কোটচাঁদপুর থানার ওসি আরও জানান, ঈদের দিনেই দুইটি লাশ ও বৃহস্পতিবার আরেকটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, শ্বশুরের দেওয়া মোটরসাইকেল নিয়ে বিপুল হোসেন ঘটনার দিন দুই শ্যালককে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে আসছিলেন।
এদিকে ঈদের দিন একই পরিবারের দুই সন্তানসহ নতুন বর নিহত হওয়ায় পরিবার দু’টিতে ঈদ আনন্দের পরিবর্তে বিষাদের ছায়া নেমে আসে।
