ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্নস্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্নস্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরুসহ মোটরসাইকেল, মোবাইল ও মদ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা দুইজনকে আটক করেন।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আব্দুল বারেক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার কৈন্নাই সীমান্তের মেইন পিলার ৮৯ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুরনিয়া কবরস্থান মাঠ নামক স্থান হতে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিন দুপুর আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মনিরুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার ফুলবাড়ি গ্রামের পাকা রাস্তার ওপর থেকে দুই বোতল ভারতীয় মদসহ একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬ হাজার টাকা। এ সময় কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের ছেলে সোহেল রানা (৩২) ও মৃত শমসেরের ছেলে পল্টু মিয়াকে (২৮) আটক করা হয়। আসামিসহ উদ্ধার হওয়া মদ, মোটরসাইকেল ও মোবাইল দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
অপরদিকে গত বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুড়ালগাছি পাকা রাস্তার ওপর থেকে পাঁচটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
