ঝিনাইদহ অফিস:
পিতা ও ছেলের নিপুন ছকে ইজিবাইক হারিয়ে নিঃস্ব হয়েছেন সানি নামে এক যুবক। ইজিবাইক ভাড়া করে কালীগঞ্জ শহরে গিয়ে চালককে বেকুপ বানিয়ে পিতা ও ছেলে মিলে অভিনব কায়দায় ইজিবাইক চুরি করে চম্পট দেয়। গত মঙ্গলবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সোনালী ব্যাংক সংলগ্ন আলামিন বস্ত্রালয়ের সামনে এ ঘটনা ঘটে।
ইজিবাইক চালক সানি জানায়, ঝিনাইদহ শহরের হামদহ থেকে পিতা ও ছেলে মিলে তেঁতুলতলা বাজারে ডিম কেনার নাম করে তার ইজিবাইকটি ৮০ টাকায় ভাড়া করে। এ সময় পিতাকে ইজিবাইকে তুলে দিয়ে ছেলে একটি টিভিএস মেট্রো মোটরসাইকেল নিয়ে ইজিবাইকের পিছন পিছন আসতে থাকে। তেঁতুলতলা বাজারে যেয়ে ডিম না পেয়ে বিষয়খালী বাজারে যায়। বিষয়খালী বাজারে পৌছে কালীগঞ্জ থেকে ডিম কিনবে বলে ৩৫০ টাকার নতন করে ভাড়া চুক্তি করে চালক সানিকে নিয়ে কালীগঞ্জ শহরে যায়। শহরের সোনালী ব্যাংক সংলগ্ন আলামিন বস্ত্রালয়ের সামনে মোটরসাইকেল আরোহিত যুবকটি তার পিতাকে ইজিবাইকে বসিয়ে রেখে চালক সানিকে নিয়ে ডিম কিনতে নলডাঙ্গা সড়কের মার্কেটে প্রবেশ করে। কিছুদূর যাওয়ার পর চালক সানিকে তার ইজিবাইক নিয়ে আসার জন্য বলে। এদিকে ইজিবাইকে থাকা লোকটি সুযোগ বুঝে ইজিবাইক নিয়ে চম্পট দেয়। চালক সানি ইজিবাইকের কাছে এসে আর কাউকেই পায়নি। পিতা ও ছেলের এহেন অভিনব প্রতরণায় হতদরিদ্র ইজিবাইক চালক সানি পথে বসেছে।
