আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বকসিপুরে রাসেল নামের এক যুবক ঝিনাইদহে গিয়ে নিখোঁজ হয়েছে। যশোরে মোটরসাইকেলের ট্যাংকি মেরামত করে গত বৃহস্পতিবার বিকেলে ওই যুবক বাড়ি ফেরার পথে রাত ৮টার দিকে ঝিনাইদহে পৌঁছালে প্রশাসনের কাছে মোটরসাইকেলের কাগজ দেখানোর পর থেকে সে নিখোঁজ হয়। এরপর তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, আলমডাঙ্গার বকসিপুর গ্রামের শামসুল হকের ছেলে রাসেল হোসেন তার ব্যবহৃত পালসার মোটরসাইকেলের ট্যাংকি মেরামত করার জন্য বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে যশোরে যান। কাজ সেরে তিনি সন্ধ্যায় মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাসেলের পিতা শামসুল হক জানান, তার ছেলে রাত সাড়ে ৮টার দিকে ফোন দিয়ে বলে, ঝিনাইদহের মাঠের মধ্যে প্রশাসনের লোকজন তার গাড়ির কাগজ দেখার জন্য দাঁড় করিয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সে বাড়ি ফিরবে। পরে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। তারপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। গত ২৪ ঘন্টা অতিবাহিত হলেও তার ছেলের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে শুক্রবার তিনি আলমডাঙ্গা থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজ শুরু করেছে।
