ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর জেলা ছাত্রলীগের স্মারকলিপি পেশ
বিশেষ প্রতিবেদক:
সরকার কর্তৃক নির্ধারিত ধানের ক্রয়মূল্য সার্বিকভাবে বাস্তবায়ন ও কৃষিক্ষেত্রে উদ্ভুত বর্তমান সংকট সমাধান চেয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ঘোষণা মোতাবেক গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের হাতে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাহাবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, সাবেক সদস্য ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পদক সেখ সামী তাপু, ০১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ শাওন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ সোহেল, মির্জা পিয়াসসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়- সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ধানের স্বল্প মূল্যের কারণে কৃষকদের অপরিসীম দুর্ভোগের স্বীকার হতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ধানের বিক্রয়মূল্য কৃষকের মুলধনের তুলনায় কম হওয়ায় কৃষক যারপরনাই দুরবস্থায় পতিত হয়েছে। বিভিন্ন স্থানে কৃষকরা রাস্তায় ধান ফেলে, ফসলী জমিতে আগুন লাগিয়ে এবং আরো বিভিন্ন ভাবে প্রতিবাদ জানিয়েছে। এর কারন হিসাবে ধানের উচ্চ ফলনকে দেখা হলেও আরো কিছু দিক এ ক্ষেত্রে লক্ষনীয়। এ ছাড়াও বিভিন্ন বিষয় তুলে ধরে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় এবং অঞ্চল ভিত্তিক সরকারিভাবে ধান ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।
