ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসের ভিতরে আলোচিত সেন্টু (৫০) নামের এক ব্যক্তিকে কুপিয়েছে কয়েক যুবক। সেন্টুকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারি কলেজের মধ্যে এ ঘটনা ঘটে। আহত সেন্টু চুয়াডাঙ্গা পৌর এলাকার মৃত মান্দার আলীর ছেলে ও একাধিক মামলার আসামী বলে জানায় পুলিশ। বেশ কয়েকদিন আগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের এক টেকনিশিয়ান তুলে নিয়ে ব্যাপক মারধরের ঘটনায় সেই সময় শহরজুড়ে এই সেন্টু ব্যাপক সমালোচিত হয়।
পুলিশ জানায়, ২০০৯ সালে দামুড়হুদা উপজেলার দর্শনার জনৈক শহিদুলের নিকট থেকে টাকা ধার করে সেন্টু। টাকা পরিশোধ না করলে, এই টাকার জের ধরে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির সামনে থেকে সেন্টুকে জোরপূর্বক তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে চুয়াডাঙ্গা সরকারি কলেজের মধ্যে নিয়ে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা সেন্টুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। খবর পেয়ে সদর থানা ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সেন্টু নামের একাধিক মামলার আসামীকে কুপিয়েছে স্থানীয় কয়েক যুবক। আমরা সবার নাম জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।’
