ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় পুষ্টি সমন্বয় কমিটির সভায় ডিসি গোপাল চন্দ্র দাস
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উদ্যোগে পুষ্টি কর্মপরিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকার ২য় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনার আলোকে উপজেলা পর্যায়ে পুষ্টি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখন আমাদের খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবতে হচ্ছে। এ ব্যাপারে প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তাগণ, স্কুল, কলেজ, বেসরকারি এনজিও সংস্থা, কমিউনিটি সাপোর্ট গ্রুপসহ সকলকেই পুষ্টির সাথে সম্পৃক্ত করা হয়েছে। স্কুল, কলেজের ছেলে-মেয়েদের পুষ্টি বিষয়ে পাঠদান করতে হবে। কারণ ছেলে-মেয়েদের পুষ্টি জ্ঞান না থাকলে তারা মেধাহীন হয়ে পড়বে। পুষ্টির অভাবে খর্বকার হতে পারে। মা’য়েদের সচেতন করতে হবে। পরিকল্পনা মাফিক আমাদের পুষ্টির বিভিন্ন নির্দেশনা মেনে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত এসডিজি অর্জনের লক্ষ্যে পুষ্টি উন্নয়ন সাধন করতে হবে।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, উপজেলা চেয়ারম্যান আয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান এ্যাড. সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম সাইখ ফেরদৌস।
আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেয়ারের টেকনোলজিক্যাল কো-অর্ডিনেটর আল আমিন, টেকনিক্যাল এফএসআই হোসনে আরা, কমিউনিটি ডেলপমেন্ট ম্যানেজার রাবেয়া আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, শিক্ষা কর্মকর্তা শামসুজ্জামান, সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, মৎস্য কর্মকর্তা কামরুন্নাহার আঁখি, ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আমিরুল ইসলাম মন্টু, আমিনুল ইসলাম রোকন, মাসুদ পারভেজ, আবুল কালাম আজাদ, আবু তাহের, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, কেয়ারের কর্মকর্তা আব্দুস শুকুর প্রমূখ।
