ছবির ক্যাপশন:
ভারতে চিকিৎসা নিতে গিয়ে চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী
বিশেষ প্রতিবেদক:
লিভার সিরোসিস নামক রোগে গুরুতর অসুস্থ অবস্থায় ভারতে চিকিৎসা নিতে গিয়ে মারা গেলেন চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন মিলন (৫৮)। তিনি পৌর শহরের কোর্টপাড়ার বিশিষ্ট ঠিকাদার মৃত আবুল হোসেনের বড় ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
আজমল হোসেন মিলনের পরিবার জানায়, দীর্ঘদিন যাবত লিভার সিরোসিস রোগে ভুগছিলেন তিনি। এ অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত পরশু বুধবার সকালে দর্শনা-গেঁদে সীমান্ত দিয়ে ভারতে নিয়ে যাওয়া হয় তাকে। পরদিন উন্নত চিকিৎসার জন্য বিমানযোগে চেন্নাই নিতে চাইলে শারীরিক অবস্থা (ফিটনেস) খারাপ হওয়ায় তাকে ফিরিয়ে দেয় বিমান কর্তৃপক্ষ। সেখান থেকে কোলকাতার একটি আবাসিক হোটেলে নিয়ে আসা হয় তাকে। গতকাল শুক্রবার সকাল ১১টায় কোলকাতার সোনাপুর হাসপাতালের চিকিৎসক অভিজিৎ রায়ের কাছে নেয়ার পথে হাসপাতাল ফটকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার আরও জানায়, শুক্রবার ভারতস্থ বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকায় মরদেহ নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। আজ শনিবার দূতাবাস খুললে সকল পক্রিয়া শেষে তার মরদেহ নিয়ে আসা হবে চুয়াডাঙ্গা কোর্টপাড়াস্থ নিজ বাসভবনে। তবে জানাযা ও দাফনের সময়সূচী তাৎক্ষণিক ভাবে জানানো হয়নি। মরদেহ চুয়াডাঙ্গায় পৌঁছানোর উপর নির্ভর করে পরবর্তীতে ঘোষণা দেয়া হবে বলে জানা যায়।
