নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ গাড়াবাড়ীয়ার জিনারুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করেছে। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত জিনারুল চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের ইয়াছদ্দিনের ছেলে। গতকাল বুধবার রাত ৮টার দিকে গাড়াবাড়ীয়া মাখালডাঙ্গা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া মাখালডাঙ্গা সড়কের উপর একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার ইয়াছদ্দিনের ছেলে জিনারুলকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।
