ছবির ক্যাপশন:
দর্শনায় ব্যাটারিত চালিত পাখিভ্যান-ইজিবাইক সাদা আলো ব্যবহার
আওয়াল হোসেন, দর্শনা:
দর্শনা পৌর শহরে ব্যাটারী চালিত পাঁখিভ্যান-ইজিবাইকের হেডলাইটের সাদা আলোয় পথচারীদের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে। বিপরীত দিক থেকে চলার সময় সড়কের সামনের দিকে কিছুই দেখতে পায়না পথচারীরা। ফলে প্রতিনিয়ত সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। প্রতিদিন এ শহরের বিভিন্ন সড়কে শত শত পাখিভ্যান-ইজিবাইক চলাচল করছে। সন্ধ্যার পর এসব যান চালকরা তাদের নিজেদের সুবিধার্থে এলইডি সাদা লাইট জালিয়ে চলাচল করে। এতে বিশেষ করে বিপরীত দিক থেকে আসা সাধারণ পথচারী, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীসহ চালকের চোখে সরাসরি সাদা লাইট লাগার কারণে সামনের দিকের কিছুই দেখা যায় না। ফলে পথচারীসহ অন্যান্য যান চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দর্শনার পরানপুর গ্রামের ফজলুল হক জানান, পাঁখিভ্যানের সাদা আলোর সড়কে চলাচল করা বিপদজনক হয়ে পড়েছে। দুর্ঘটনা এড়াতে আমাদেরকেই গাড়ির গতি কমিয়ে পাখিভ্যান পার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই জাতীয় লাইটের আলো এতোই বেশি যে মোটরসাইকেলের সামনে এই অবৈধযানের সাদা আলো পড়লে ১-২মিনিট আর কিছুই দেখা যায়না। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ বলেন, ব্যাটারিচালিত পাখিভ্যান-ইজিবাইকগুলোতে যে এলইডি সাদা লাইট ব্যবহার করে, এটা চোখের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সাদা আলো যদি দীর্ঘক্ষণ চোখে লাগে তাহলে চোখের মারাত্মক ক্ষতি হয়। দীর্ঘদিন ধরে এমন আলো সরাসরি চোখে লাগতে থাকলে রেটিনার কর্মক্ষমতা কমে যেতে শুরু করে। আর একবার রেটিনা সেল খারাপ হতে শুরু করলে সেগুলিকে পুনরায় আর সুস্থ করে তোলা সম্ভব হয় না। ফলে দৃষ্টিশক্তি কমে যেতে শুরু করে।
এ বিষয়ে দর্শনা রিক্সা ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হবা জোয়ার্দ্দারের নিকট প্রতিকার চাইলে তিনি বলেন, মাইকিং করে এ বিষয় প্রতিকারের চেষ্টা করবো। বিষয়টি দর্শনা পৌর মেয়রের নিকট ভুক্তভুগি জনসাধারণ প্রতিকার চেয়েছেন।
