ছবির ক্যাপশন:
দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল ও মদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। গত শুক্রবার পৃথক সময়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত শুক্রবার বিকাল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ দত্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত জয়নগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ২টি ভারতীয় শাড়ী, ৫টি থ্রীপিচ, ১০টি নাইটড্রেস, ৪টি লুঙ্গী, ১টি ধুতি, ১টি ভ্যানেটি ব্যাগ, ৪৩টি বিকিনী, ১৪টি ব্রা, ৩৩৪টি কিটকাট চকলেট, ১ প্যাকেট চীনা বাদাম ও ২৫টি বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫২ হাজার ৫৬০ টাকা।
একইদিন শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত কুতুবপুর গ্রামের বটতলা মোড় হতে ১টি ভারতীয় সাইকেল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এদিকে, গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত স্বরাবাড়ী গ্রামের মাঠ থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৭ হাজার ৫শ’ টাকা।
অন্যদিকে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার শ্রী নরেশ চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঝাঝাডাঙ্গা গ্রামের আমবাগান থেকে ১১ বোতল ভারতীয় মদ ও ১৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২২ হাজার ৯শ’ টাকা।
