ছবির ক্যাপশন:
প্রস্তুতি সম্পন্ন : ৬’বিজিবি’র ব্যাটালিয়ন সদর জুড়ে সাজসাজ রব
বিশেষ প্রতিবেদক:
মাদকমুক্ত সমাজ গঠন ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি’র ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এমপি। এতে অংশ নেবেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম, এনডিসি, পিএসসি। বিজিবি’র যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার প্রেরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কর্মসূচীতে জানানো হয়, আজ সোমবার (৬ মে) সকাল ১০টা থেকে ১০টা ১৫মিনিটের মধ্যে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করবেন। বেলা সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায় আগমন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর বিশিষ্ট ব্যক্তিবর্গের সংক্ষিপ্ত বক্তব্য পর্ব শেষে মাদকদ্রব্য ধ্বংস করা হবে। বেলা সাড়ে ১১টার মধ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অনুষ্ঠানের সমাপণী করা হবে।
এদিকে বিজিবি’র যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়ন সদরের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যে তৈরি করা হয়েছে অনুষ্ঠানমঞ্চ, সাজানো হয়েছে কর্মসূচী। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর টানা দেড় ঘন্টার এ সরকারি সফর সংরক্ষিত। ফলে শুধুমাত্র আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। মন্ত্রীর আগমনে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাত থেকেই। আজ সোমবার যশোর দক্ষিণ পশ্চিম রিজিয়নের অধীনস্থ ছয়টি সীমান্ত জেলা- সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া থেকে বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, সোমবার সকালে তেঁজগাও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গায় অবতরণ পরবর্তী বিজিবি’র মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রমে যোগদান শেষে দুপুর নাগাদ কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন মন্ত্রী। সেখানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে অংশ নেবেন তিনি। সমাবেশে প্রধান অতিথির ভাষণ শেষে কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং একই হেলিকপ্টারযোগে বিকালে ঢাকায় ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
উল্লেখ্য, গত ৪ঠা মে একই কর্মসূচীতে স্বরাষ্ট্রমন্ত্রীর চুয়াডাঙ্গায় আগমনের কথা থাকলেও প্রবল ঘূর্ণীঝড় ফণী’র কারণে তা স্থাগিত করা হয়।
