ছবির ক্যাপশন:
মহাজনপুরে একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী
মাসুদ রানা/শেরখান:
‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৭ এপ্রিল এই জেলার মুজিবনগরে প্রথম সরকার গঠন করা হয়। এই দিবসটি বাঙ্গালী জাতির গর্ব। অথচ বিএনপির কেউ মুজিবনগর দিবস পালন করে না। আসলে বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। পাকিস্তানরা যেভাবে জিন্দাবাদ বলে শ্লোগান দেয়, ঠিক তেমনি বিএনপি তাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ বলে শ্লোগান দেয়। তাদের মুখ থেকে জয় বাংলা বের হয়না। এই স্বাধীন বাংলাদেশে বিএনপি কোন দলের মধ্যেই ধরা যায় না।’
গতকাল শনিবার দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। এর আগে প্রতিমন্ত্রী একাডেমিক ভবন নির্মাণ কাজের নামফলক উন্মোচন করেন। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকারের আমলে কি কি উন্নয়ন হচ্ছে তা আপনার নিজ চোখে প্রমাণ পাচ্ছেন। চাহিদার চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলি।’
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইবাদত হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু বিশ্বাস, জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। প্রসঙ্গত, ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থতলা একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে।
