ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার হোসেনপুর মুদি-ব্যবসায়ী হাসিবুলকে কুপিয়ে হত্যা মামলার আসামী লিটনকে (৩০) আটক করেছে পুলিশ। গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। আটকৃত লিটন আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বিশ্বাসপাড়ার বারেক আলী মন্ডলের ছেলে। জানা যায়, ২০১৮ সালের ২১ শে জুলাই শনিবার আলমডাঙ্গা উপজেলায় হাসিবুল ইসলাম (৩০) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সেই ঘটনার আগের দিন রাতে প্রতিদিনের মতো শুক্রবার (২০ জুলাই) হাসিবুল বাড়ি থেকে বের হয়। রাত হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেনি। পরদিন সকালে খবর পাওয়া যায় আইলহাঁস ইউনিয়নের হোসেনপুর কেরুর মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করে। এই ঘটনায় হাসিবুলের স্ত্রী ভাই বাদি হয়ে আলমডাঙ্গা থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করে। হাসিবুল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে লিটনকে আটক করে। গতকাল শনিবার সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে তাকে প্রেরণ করা হয়।
