ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-মেহেরপুরের ৭ উপজেলাসহ ৩৬ উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের শপথ গ্রহণ
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গার ৪ উপজেলা ও মেহেরপুরের ৩ উপজেলাসহ খুলনা বিভাগের ৭ জেলার ৩৬ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া। খুলনার স্থানীয় সরকার বিভাগের পরিচালক হোসেন আলী খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফারুক হোসেন ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। এ সময় উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। উপজেলায় নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের সততা, নিষ্ঠা ও সরকারের নির্দেশনা মোতাবেক কল্যাণকর উপজেলা গড়ে তোলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
‘এতে অন্যান্যের মধ্যে অংশ নেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আশাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, আলমডাঙ্গা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জীবননগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, দামুড়হুদা উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আলী মুনসুর বাবু, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন।
এছাড়াও মেহেরপুর সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন এবং গাংনী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমএ খালেক, ভাইস চেয়ারম্যান রাশেদুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন।
অনুষ্ঠান শেষে উপজেলা চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানরা সরকারের উন্নয়ন ও সমৃদ্ধিশালী দেশ গড়ে তোলার সব পরিকল্পনা ও কর্মসূচি সুষ্ঠুভাবে পালন এবং জনঅংশগ্রহণে ক্ষুধা-দারিদ্র্য, মাদক ও অনিয়ম-দুর্নীতিমুক্ত উপজেলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
