ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:
বাংলা নববর্ষে বৈশাখ বরণে মেলা যেন প্রধান অনুসঙ্গ। আর তার সঙ্গে যদি বাংলা ঢোলের তালে বাউল ও লোকজগান পরিবেশন করা হয় তবেই পূর্ণতাপায় বাঙালী এ আয়োজন। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে শুরু হয়েছে চুয়াডাঙ্গা পৌর বৈশাখী মেলা। গতকাল বৃহস্পতিবার পঞ্চম সন্ধ্যায় মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় আকন্দবাড়িয়া বাউল পরিষদের শিল্পীরা। শুরুতে কুষ্টিয়া থেকে আগত কন্ঠশিল্পী সোনালি বেশ কয়েকটি আধুনিক ও লালন গান পরিবেশন করেন। এরপর বিটিভি’র নিয়মিত বাউল ও লোক সংগীত শিল্পী ধীরু বাউল মঞ্চে আসেন। ‘গ্রামের নও জওয়ান, হিন্দু মুসলমান’ গান দিয়ে বেশ অল্প সময়ে দর্শক মাতিয়ে তোলেন তিনি। বাংলা ঢোল, খোল আর তবলার তালে তালে পর পর তার বেশ কয়েকটি লোকজ গানে বৈশাখী মেলা অনেকটা বাউল উৎসবে রুপ নেয়। বর্তমান সরকারের উন্নয়ন চিত্র গানে গানে তুলে ধরেন শিশু শিল্পী প্রান্ত বাউল। এ ছাড়াও গান পরিবেশন করেন সোহেল বাউল ও মালা মনি। অনুষ্ঠান পরিচালনাসহ প্রাণবন্ত উপস্থাপনায় মেলার সার্বিক চিত্র, পৌরসভার নানা কার্যক্রম ও বৈশাখী আয়োজনে লোকজ উৎসবের গুরুত্ব তুলে ধরেন সাংবাদিক এসএম শাফায়েত।
এদিকে, প্রথমদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মেলার আয়োজন কিছুটা এলোমেলো হয়ে গেলেও এখন ক্রমেই বাড়ছে দর্শক উপস্থিতি। গতকাল বৃহস্পতিবার বিকালের পর থেকে রাত পর্যন্ত প্রতিটি স্টল ও রাইডগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় চোখে পড়ে। আবহাওয়ার অবস্থা ভালো থাকলে মেলা আরও জমে উঠবে বলে ধারণা করছেন আয়োজকরা।
