ছবির ক্যাপশন:
রউফের দাফন সম্পন্ন : শোকে স্তব্ধ গোটা এলাকা
জীবননগর অফিস:
মালয়েশিয়া শ্রীলংগর প্রদেশে কেফং শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী আব্দুর রউফের মরদেহ জীবননগরে পৌছেছে। মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-১৯৬ বিমানযোগে সড়ক দুর্ঘটনায় নিহত রেমিটেন্স যোদ্ধা আ. রউফের মরদেহ গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায় এবং পরে এ্যাম্বুলেন্সযোগে তার গ্রামের বাড়িতে মরদেহ পৌছালে স্বজন হারানোর আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। জানা যায়, গত ৪ বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে ২০১৫ সালে ধার দেনা করে আ. রউফ মালয়েশিয়ায় পাড়ি জমায়। গত শুক্রবার (১২ এপ্রিল) সকালে মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশের কেফংএ শহরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মৃত ইউনুছ আলীর ছেলে আ.রউফ। তিনি মালয়েশিয়ার শ্রীলংগর প্রদেশে কেফং শহরে আহম্মদ জ্যাকি নামে একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার অকাল মৃত্যুতে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে স্বজনরা। গতকালই মনোহরপুর ঈদগাহ ময়দানে বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহের দাফন কাজ সম্পন্ন করা হয়।
