ছবির ক্যাপশন:
মোবাইল কোর্ট পরিচালনা : পরিবেশ ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স না থাকায়
জীবননগর অফিস:
জীবননগরে লাইসেন্সবিহিন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলার আন্দুলবাড়ীয়ার মেসার্স শাহা ব্রিক্সে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স না থাকায় ওই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার বিকাল পৌনে ৪টার দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম উপজেলার বিভিন্ন স্থানে ইটভাটা পরিদর্শন করেন। এসময় আন্দুলবাড়ীয়া ইউনিয়নের মেসার্স শাহা ব্রিক্স সরকারি অনুমোদনবিহীন ইটভাটা পরিচালনার দায়ে মালিক এসএম শামীমকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেই সাথে আগামী ৭দিনে মধ্যে ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪ ধারা মোতাবেক পরিবেশ দপ্তরের অনুমোদন ও ট্রেড লাইসেন্সবিহীন ইট প্রস্তুতের অপরাধে তাকে জরিমান করা হয়েছে। উপজেলার সকল অবৈধ ইটভাটায় শিঘ্রই অভিযান পরিচালনা করা হবে। নিয়মবহির্ভুতভাবে ইটভাটা পরিচালিত হলে সেগুলি বন্ধ করা হবে। জীবননগর থানার এসআই শতদল মজুমদার ও সঙ্গীয় পুলিশ ফোর্স ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনাকালে সহযোগিতা করেন।
