ভাল খেলা প্রদর্শন করতে পারলে দর্শক আবারো মাঠমুখী হবে

আপলোড তারিখঃ 2019-04-13 ইং
ভাল খেলা প্রদর্শন করতে পারলে দর্শক আবারো মাঠমুখী হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ -২০১৯’র উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ লীগের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপারের প্রতিনিধি সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, চুয়াডাঙ্গার ফুটবল তো বটেই, সারা বাংলাদেশ থেকেই ফুটবল অসম্ভব রকমভাবে পিছিয়ে পড়েছে। চুয়াডাঙ্গার ফুটবল এক সময় বাংলাদেশের মাটি ছাড়িয়ে ভারতের বিভিন্ন প্রদেশে আলো ছড়িয়েছিল। ব্রিটিশ ভারত থেকে পাকিস্তান, লাহোর, বেলুচিস্থান পর্যন্ত চুয়াডাঙ্গার ফুটবলাররা বাজিমাত করতো। আজ চুয়াডাঙ্গা ফুটবলের সেই জোয়ারে যেমন ভাটা পড়েছে, তেমনি ভাটা পড়েছে বাংলাদেশের টোটাল ফুটবলে। এ অবস্থাকে পিছনে ফেলে আবারো সেই হারানো জায়গা পুনরুদ্ধার করতে হলে বেশি লীগ ও টুর্নামেন্টের আয়োজন করতে হবে। আজ মাঠে আর আগের মত দর্শক খেলা দেখতে আসেনা। যে দর্শকই হচ্ছে ফুটবলের প্রাণ। ভাল খেলা প্রদর্শন করে প্রাণরুপী দর্শকদের মন ভরানোই হলো ফুটবল খেলোয়াড়দের প্রধান কাজ। সেই কাজটি করতে পারলেই দর্শক আবারো মাঠমুখী হবে।` সাইফ পাওয়ার ব্যাটারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ফুটবল লীগের উদ্বোধনী দিনে টাইব্রেকারে শেখ রাসেল ক্রীড়াচক্র (০) ৮-৭ (০) উদ্দীপন ক্লাবকে পরাজিত করে শুভ সুচনা করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ০-০ গোলে অমিমাংসিত থাকে। টাইব্রেকারেও ৪-৪ গোলে সমতা হয়। সাডেন ডেটথ পদ্ধতিতে একটি একটি করে কিকে স্কোর বাড়তে থাকে। তবে উদ্দীপন ক্লাব তাদের নবম কিকটি মিস করলে শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলরক্ষক মামুন তার সর্বশেষ কিকে গোল করে জয় নিশ্চিত করে। গতকালের উদ্বোধনী ম্যাচে দু’দলের দর্শক সমর্থকে স্টেডিয়ামের গ্যালারী অনেকটাই প্রাণ ফিরে পেয়েছিল। মাঠে উপস্থিত ছিলেন পুরাতন ও নতুন প্রজন্মের অনেক ফুটবলার। তাদের পদভারে কিছুটা হলেও মুখোরিত ছিল পুরাতন স্টেডিয়াম এলাকা। দর্শক-সমর্থকদের সাথে তাল মিলিয়ে মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্যগণ। প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের সার্বিক দায়িক্ত পালন করেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। উদ্বোধনী খেলায় জয়লাভ করায় শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সকল খেলোয়াড় কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচ ছিলেন মুরাদ ফেরদৌস, ম্যানেজার ছিলেন রাসেল শেখ, সাব্বির আহম্মেদ চঞ্চল ও দলনায়ক ছিলেন সোহেল রানা। আজ একই মাঠে বিকেল ৩টায় মুখোমুখি হবে শুভ সকাল স্পোর্টিং ক্লাব ও শহীদ রবিউল মিলনায়তন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)