ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ফুলবাড়ীতে রাস্তা ও ব্রিজ নির্মাণ কাজে ফাঁকির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়নের ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের পাঁকা রাস্তা ও নিকটবর্তী ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ব্রিজ নির্মাণে নি¤œমানের বালি ও প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট না দেয়ার ফলে ৩ মাসের মাথায় ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ফুলবাড়ী গ্রামবাসীর গণস্বাক্ষরিত এক স্মারকলিপিতে এ অভিযোগ করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসক বরাবর এ অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, ‘চলতি অর্থ বছরের এলজিইডি এর অর্থায়নে ঠিকাদার জিয়াউর রহমান জিয়া ফুলবাড়ী পশ্চিমপাড়া মসজিদের নিকট হতে পূর্বপাড়ার আবদার আলীর বাড়ীর নিকট পর্যন্ত পাকা রাস্তা নির্মাণ ও ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ব্রিজ নির্মাণ কাজটি ইতিপূর্বে সম্পন্ন করেছেন। কিন্তু ব্রিজটি নির্মাণে নি¤œমানের বালি ও প্রয়োজনীয় পরিমাণ সিমেন্ট না দেয়ার ফলে প্রায় ৩ মাসের মাথায় ব্রিজটি ভেঙে পড়ে। নির্মাণকৃত রাস্তাটি গ্রামের মানুষের চলাচলের প্রধান রাস্তা। এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ নিত্যা প্রয়োজনীয় সকল মালামাল আনা নেয়া করে। এদিকে, ব্রিজটি ভেঙে পড়ায় একদিকে যেমন গ্রামের মানুষ ব্যাপক অসুবিধায় পড়েছেন তেমনি ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা পানিবন্দি হয়ে পড়েন, মারাত্মক অসুবিধার সৃষ্টি হয় পাঠদানেও।’
অভিযোগে আরও বলা হয়েছে, ‘ব্রিজটি ভেঙে পড়ার পর সদর উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীকে বার বার মোবাইল ফোনে জানানোর পরেও ফল হয়নি। অভিযোগ করার ২ মাস পেরিয়ে গেলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি একদিনের জন্যও কেউ ব্রিজটি পরিদর্শন করেনি। ব্রিজটি পুনঃনির্মাণ না করায় এবং উপজেলা প্রকৌশলীর অবহেলার কারণে জনদুর্ভোগ চরমপর্যায়ে।’
