নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ রেলওয়ে স্টেশনের নিকট থেকে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গতকাল সন্ধ্যায় স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্কুলছাত্রীর পিতা বলেন, বুধবার বিকালে মুন্সিগঞ্জে বাজার থেকে ঔষধ কিনে বাড়ি পাঠায় মেয়েকে। এসময় মুন্সিগঞ্জে রেলওয়ে স্টেশনের নিকট অজ্ঞাত এক ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে পার্শ্ববর্তী একটি বাগানে নেয়। সেখানে লোকজন থাকায় রেলওয়ের একটি কোয়ার্টারে নেয়। সেখানে রেলওয়ে শ্রমিক হাসান বিষয়টি দেখে ফেললে সটকে পড়ে অজ্ঞাত ব্যক্তিটি। স্কুলছাত্রী বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। সন্ধ্যার পর স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। এদিকে, খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবিরসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ওসি (তদন্ত) লুৎফুল কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্কুলছাত্রীর পরিবারের সাথে কথা বলেছি। ঘটনাটি বিষয়ে তদন্ত করা হচ্ছে। ডাক্তারি পরীক্ষার পরে ঘটনার বিস্তারিত জানা যাবে। আমরা এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে আমরা ধর্ষণ চেষ্টার আলামত পেয়েছি। আজ ডাক্তারি পরীক্ষা শেসে চুড়ান্ত রিপোর্ট আসলেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
