জীবননগর অফিস:
জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূ ও দু’টি গবাদিপশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু উপজেলার মানিকপুর গ্রামের সরকারপাড়ার মুনছুর আলীর স্ত্রী শাকিলা খাতুন (৫০)। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত শনিবার কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের তারসহ একটি গাছ গৃবধুর বাড়ির সীমানার কাটাতারের বেড়ার উপর পড়ে থাকে। গতকাল রোববার সারা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পর দুপুরের পর এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। এসময় কাটাতারের উপর পড়ে থাকা তার থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় একটি গরু ও একটি ছাগল। পরক্ষণই গৃহবধু শাকিলা খাতুন কাপড় শুকানোর জন্য কাটাতারের পাশে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সাথে সাথেই মৃত্যুবরণ করেন।
