আলমডাঙ্গায় সড়কের পাশের পুকুর থেকে অবৈধভাবে বালি উত্তোলন
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের জাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। গত মঙ্গলবার বেলা ১২টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। কুমারী গ্রামের মেইন সড়কের পাশে অবৈধভাবে পুকুর থেকে বালি কেটে বিক্রয় করছিলো, এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থলে পৌছে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আদালত ও অভিযোগ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা কুমারী ইউনিয়নের বাজার প্রাঙ্গণে হাটবোয়ালিয়া ভায়া আলমডাঙ্গা সড়কের পাশে অবস্থিত পুকুর থেকে অবৈধভাবে বালি কেটে বিক্রয় করে আসছিলো বাড়াদী ইউনিয়নের পোলতাডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে জাহিদ হোসেন। অবৈধভাবে বালি উত্তোলনের কারণে ভারিবর্ষনে মেইন সড়ক ভাঙ্গণের কবলে পড়লে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান কুমারী বাজার প্রাঙ্গণ পুকুরে উপস্থিত হয়ে পুকুর মালিক জাহিদকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
