ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
প্যাথেডিন ইনজেকশনসহ চুয়াডাঙ্গা পৌর এলাকার মুক্তিপাড়ার আব্দুল মান্নান (৪০) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ৩১ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। পরে ওই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে মাদকদ্রব্য অধিদপ্তর চুয়াডাঙ্গা জানতে পারে, পৌর শহরের মুক্তিপাড়ায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে তার বাড়িতে অবস্থান করেছে। এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিদর্শক আবুল কালাম আজাদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত মানিক মন্ডলের ছেলে আব্দুল মান্নানকে আটক করা হয়। এ সময় তার ঘর থেকে ৩১ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেশন উদ্ধার করা হয়। পরে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে গ্রেফতারকৃত ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করে। পরে সদর থানা পুলিশ গতকালই তাকে আদালতে প্রেরণ করে।
