ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক:
রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে সংঘঠিত অগ্নিকা-ের কারণ অনুসন্ধান ও করণীয় বিষয়ে প্রতিবেদন তৈরির লক্ষ্যে কাজ শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, কমিটির সদস্যরা গতকাল শুক্রবার বিকেলে দুর্ঘটনায় আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের সঙ্গে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানার জন্য পরিদর্শন করেন। এর আগে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন কমিটির সদস্যরা। সেলিম হোসেন আরো জানান, অগ্নিকা-ের ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের অতিরক্ত সচিব মো. ফয়জুর রহমানকে আহ্বায়ক ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মাহবুব আলম তালুকদারকে সদস্য সচিব করে মোট ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন ডিএমপির প্রতিনিধি, ডিজি ফায়ার সর্ভিসের প্রতিনিধি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিবেশ জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের নির্বাহী প্রকৌশলী, ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি, সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের প্রতিনিধি এবং বুয়েটের ভিসির প্রতিনিধি। আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে কমিটি। গত বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত এফ আর টাওয়ারে অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।
