সড়কেও মৃত্যুর মিছিল : নিহত আরও ২২

আপলোড তারিখঃ 2019-03-29 ইং
সড়কেও মৃত্যুর মিছিল : নিহত আরও ২২ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: সরকারের নানা উদ্যোগের পরও কমানো যাচ্ছে না সড়ক দুর্ঘটনা, সড়কে মৃত্যুর মিছিল কেবলই দীর্ঘায়িত হচ্ছে। গত বুধবার রাতে ও গতকাল বৃহস্পতিবারে নিহত হয়েছেন ২২ জন। এদের মধ্যে মাদারীপুরে ওরস মাহফিলের যাত্রীবাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া মাদারীপুরের রাজৈরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মারা গেছেন। চট্টগ্রামের লোহাগাড়ায় বুধবার মধ্যরাতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। যশোরে পৃথক দুর্ঘটনায় মারা গেছেন ৪ জন। পটুয়াখালীর মির্জাগঞ্জে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আর ঢাকার কারওয়ান বাজারে গাড়ির ধাক্কায় এক পথচারী মারা গেছেন। মাদারীপুর সদর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে মাহফিলের যাত্রীবাহী বাস খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জন যাত্রী। নিহতদের সবার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গাব্রিজ, পান্তাপাড়া ও খৈয়রভাঙ্গা এলাকায়। এ ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। মাদারীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৪৫ জনের মতো। নিহতের সংখ্যার আরও বাড়তে পারে। ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর রাজৈর উপজেলার আমগ্রাম বাবনাতলা নামক স্থানে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম বেপারী (২৫) মারা যান। লোহাগাড়ায় বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৮ জন। বুধবার মাঝরাতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত প্রায় ১১ জন। আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজন রয়েছেন। দুর্ঘটনায় নিহত আটজনের মধ্যে সাতজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি চেয়ার কোচ চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ আটজন মারা যান। কক্সবাজারের চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় লেগুনার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। মহাসড়কের চাউলিয়ায় এই দুর্ঘটনা ঘটে। একই সময়ে কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাকের ধাক্কায় অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। অপরদিকে, সকাল ১১টার দিকে শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী আলেক সরদার। যশোরের জেলা প্রশাসক আবদুল আওয়াল বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাইরে নিতে হলে ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সকল আহত রোগীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, আহতদের চিকিৎসা চলছে। আমরা সাধ্যমতো চেষ্টা করছি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার কারওয়ান বাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার রাতে নিহত এই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল প্যান্ট ও হাফ শার্ট। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, রাত পৌনে ১০টার দিকে এই যুবককে পথচারীরা রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক দেখে মৃত ঘোষণা করেন। বাহকের বরাত দিয়ে তিনি বলেন, 'কারওয়ান বাজারের প্রজাপতি গুহার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি প্রাইভেটকার ওই যুবককে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।'

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)