ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর থানায় নতুন ওসি আবু জিহাদের যোগদান
সোহেল রানা ডালিম:
চুয়াডাঙ্গা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আবু জিহাদ ফকরুল আলম খাঁন যোগদান করেছেন। একই সাথে, এক আবেগঘন পরিবেশে ফুলের তোড়া দিয়ে ওসি দেলোয়ার হোসেন খাঁনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল বুধবার সকাল ১১টার সময় চুয়াডাঙ্গা সদর থানা চত্ত্বরে এই বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবীব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তা কর্মচারী। এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী ওসি দেলোয়ার হোসেন খান ও নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা থানা মসজিদের ইমাম হাফেজ মওলানা ইয়াকুব আলী। বিদায়ী ওসির কর্মকালীন সময়ের নানা রকম কাজ নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন জেলা গোয়েন্দা শাখার ওসি এনামুল হক, চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, ওসি (অপারেশন) মাসুদুর রহমান, সদর থানার সেকেন্ড অফিসার এসআই মিজানুর রহমান, এসআই ভবতোষ রায়, এএসআই জামসেদ ও কন্সটেবল ফারুক হোসেন।
এদিকে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার পর চুয়াডাঙ্গা সদর থানাা ওসি ইনচার্জ হিসেবে আবু জিহাদ ফকরুল আলম খাঁন যোগদানের পর গতকালই তিনি পূর্বের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খাঁনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। যোগদানের পর সাংবাদিকসহ সকলের সহযোগিতায় সদর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করাসহ সদর থানা এলাকায় মাদক কারবারীদের কোনো ছাড় দেবেননা বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য, আবু জিহাদ ফকরুল আলম খাঁন ১৯৯৮ সালে বাহিরাগত এসআই ক্যাডেট হিসেবে সারদায় ১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে ইন্সপেক্টর হোন। এরপর তিনি মেহেরপুর, বাগেরহাট ও দামুড়হুদাসহ সর্বশেষ আলমডাঙ্গাতে ওসির দায়িত্ব পালন করেন। পরে তাকে গত ২২ জানুয়ারি বদলী করা হলে গতকাল চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন।
