চুয়াডাঙ্গার পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা আর নেই

আপলোড তারিখঃ 2019-03-22 ইং
চুয়াডাঙ্গার পৌর প্যানেল মেয়র একরামুল হক মুক্তা আর নেই ছবির ক্যাপশন:
বিভিন্ন মহলের শোক : আজ বিকালে সরকারি কলেজ মাঠে জানাযা শেষে দাফন বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র একরামুল হক মুক্তা আর নেই (ইন্নালিল্লাহি..........রাজেউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে-জামাই, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তবে প্রিয় মানুষটির আকস্মিক চলে যাওয়াটা মানতে পারছেন না অনেকেই। তাঁর মৃত্যু সংবাদ শুনে তাৎক্ষণিক বিশ্বাস করতে পারেননি শুভাকাঙ্খিরা। কেউ কেউ কিছুক্ষণ বাকরুদ্ধ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলেছেন, ‘অত্যন্ত সদালপি, হাস্যজ্বল ও সামাজিক-রাজনৈতিক জীবনে তুমুল জনপ্রিয় মানুষ ছিলেন আমাদের মুক্তা ভাই। পৌরবাসীর জন্য এ এক অপূরণীয় ক্ষতি।’ তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোক প্রকাশ করেছেন অনেকে। মুক্তার পরিবার জানায়, সম্প্রতি একরামুল হক মুক্তার ফুসফুসে পানি জমেছে বলে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে। এ ছাড়া বুকে কিছুটা ব্যাথা ছিল। এ অবস্থায় তিনি গত ১৬ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৫টায় বাসযোগে ঢাকায় যান। পরদিন শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯ মার্চ মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর ফুসফুস থেকে পানি বের করে পরীক্ষা করা হয়। এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় আবারও তার অস্ত্রোপচার চলাকালে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। একপর্যায়ে তার অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সহকর্মীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধু, খুলনা বিভাগীয় সভাপতি সিরাজুল ইসলাম মনি। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আশাদুল হক বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দার গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা মো. শরীফুজ্জামান শরীফ। এ ছাড়াও দৈনিক সময়ের সমীকরণ পরিবারের পক্ষে প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটি (সিপিএস)’র সভাপতি সাংবাদিক হুসাইন মালিক শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার বাদ আসর চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে নামাযে জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হবে। উল্লেখ্য, একরামুল হক মুক্তা ২০০২ সালে প্রথমবার চুয়াডাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে কমিশনার নির্বাচিত হন। তৎকালীন পৌর মেয়র এড. আশরাফ আলীর নেতৃত্বে দক্ষতার সঙ্গে পৌর সভার অর্পিত দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের নির্বাচনে দ্বিতীয় বার বিপুল ভোট পেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়ে পৌরবাসীর সেবা করার সুযোগ পান। বর্তমানে তিনি পৌর প্যানেল মেয়র-১ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্বপালন করে আসছিলেন। রাজনৈতিক জীবনে একরামুল হক মুক্তা চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)