ছবির ক্যাপশন:
মেহেরপুরে ইটভাটা মালিক সমিতির সাথে মতবিনিময়কালে ডিসি আতাউল গনি
মেহেরপুর অফিস:
পরিবেশ রক্ষায় জেলার ৪২টি চিমনি ইটভাটা মালিক সমিতি সদস্যদের নিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক আতাউল গনির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, ইটভাটা (চিমনি) মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবলু মিয়া প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আতাউল গনি বলেন, দেশ ও রাষ্ট্রের স্বার্থে পরিবেশ বিধ্বংসী অবৈধভাবে তৈরী টিন চিমনি ইটভাটা মালিকদের বলেন- আগামী ১৭ এপ্রিলের মধ্যে জেলায় স্থাপিত সমস্ত ইটভাটা বন্ধ করে ব্যবহৃত ভূমি সমান করে দেয়ার নির্দেশ দেন। তখন ভাটা মালিকদের অনুরোধে ৩০ এপ্রিলের মধ্যে নির্দেশ বাস্তবায়ন করার জন্য অনুমতি দেয়া হয়।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, আপনারা সকলেই এ ব্যবসা করতে চাইলে পারবেন তবে অবশ্যই আইন অনুযায়ী বৈধ লাইসেন্স গ্রহণ করে করতে হবে। আপনারা এতদিন এ ব্যবসা অবৈধভাবে করতে পেরেছেন আমাদের কিছু শিথিলতার জন্য, তারও কারণ ছিল। এ পেশার সাথে অনেক গরীব পরিবার যুক্ত, যারা শ্রমিক হিসাবে কাজ করে তাছাড়া আপনারা দু’একজন বাদে সকলেই সম্পদশালী এমন নয়, কিন্তু এখানে যথেষ্ট পুঁজি বিনিয়োগ করেছেন। এ সকল বিবেচনায় হয়তো প্রশাসনিক ব্যবস্থা শিথিল ছিল। তবে এবার আপনারা আগে থেকেই নিশ্চিত হতে পারেন যে, ৩০ এপ্রিলের মধ্যে টিন চিমনি ভাটার সমস্ত কাজ বন্ধ না হলে আগামী ১লা মে তারিখে জেলার কথিত ভাটাগুলিতে একযোগে অভিযান চালানো হবে এবং সরকারের নির্দেশনা কঠোরভাবে আরোপ করা হবে। মতবিনিময় সভায় টিনের চিমনি ইটভাটা মালিকরা অংশগ্রহণ করেন।
