আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার কাবিলনগর, তিওরবিলা ও হাকিপুর গ্রামের শতাধিক গ্রাহক পল্লী বিদ্যুৎ সংযোগ না পেয়ে পড়েছে বিপাকে। দীর্ঘদিন বিদ্যুৎ সংযোগ না পেয়ে গতকাল বুধবার সকালে আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে সংযোগের দাবিতে অবস্থান নেয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কাবিলনগর, তিওরবিলা ও হাকিমপুর গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য পল্লী বিদ্যুৎ ঠিকাদারের মাধ্যমে বৈদ্যুতিক পিলার ও লাইন টানার কাজ শুরু করে। এই লাইনের কাজ শুরু হলে তিন গ্রামের শতাধিক গ্রাহক আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে নতুন সংযোগ পাওয়ার জন্য টাকা জমা দিয়ে আবেদন করে। তারা তাদের ঘর ওয়ারিংসহ যাবতীয় কাজ সম্পন্ন করে দীর্ঘদিন অপেক্ষা করছে। বেশ কয়েক মাস পার হলেও তারা বিদ্যুৎ সংযোগ না পেয়ে বুধবার আলমডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসে অবস্থান নেয়। গ্রাহকরা জানান, আমরা ৩-৪ হাজার টাকা খরচ করে নতুন সংযোগের আশায় দীর্ঘদিন ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। তারা অবিলম্বে সংযোগের দাবি জানান। এ বিষয়ে ঠিকাদার মোজাম্মেল হক জানান, আমরা কাজ বুঝিয়ে দিই সমস্ত কাজ শেষ হওয়ার পর। কাজ বুঝিয়ে না দিলে যে লাইন সংযোগ দেয়নি এমন নজির আমার জানা নেই। অফিস আগেই লাইন চালু করে দেয়। যেহেতু শতভাগ বিদ্যুতের কাজ। কেন চালু করছে না আমার জানা নেই। এদিকে, পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম রেজাউল করীম জানান, ওই তিন গ্রামের লাইন ঠিকাদার নির্মাণ করছে। আমাদের নিকট এখনো বুঝিয়ে দেয়নি। আমাদের নিকট ওই লাইন বুঝিয়ে দিলে আমরা লাইন সংযোগ দিয়ে দিব। ঠিকাদারা লাইনে কাজ করে ৬ মাস ফেলে রাখে। আমরা লাইন দেখার পর দ্রুত সংযোগ দিয়ে দিব।
