ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন:
একাদশ জাতীয় সংসদের চলতি অধিবেশন আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। গতকাল বিকেলে সংসদের ‘কার্যউপদেষ্টা কমিটি’র প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। তবে স্পিকার চাইলে অধিবেশনের মেয়াদ বাড়াতে কমাতে পারবেন। সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, হাসানুল হক ইনু, মো: ফজলে রাব্বী মিয়া, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ ও নূর-ই-আলম চৌধুরী অংশ নেন। বৈঠকে জানানো হয়, গত ৩০ জানুয়ারি শুরু হওয়া সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে পাঁচটি অধ্যাদেশ উপস্থাপিত হয়। অধ্যাদেশগুলো ইতোমধ্যে বিল আকারে পাস হয়েছে। আরো তিনটি সরকারি বিল উত্থাপনের অপেক্ষায় আছে। এছাড়া চলতি অধিবেশনে উত্থাপনের জন্য একটি বেসরকারি বিল পাওয়া গেছে। বৈঠকে জানানো হয়, এই অধিবেশনে প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা ছাড়াও রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। এ পর্যন্ত সরকার ও বিরোধী দলে ১১৫ জন সংসদ সদস্য ৩৩ ঘণ্টা ৪৭ মিনিট আলোচনা করেছেন। অধিবেশন শেষ হওয়ার আগেই এই আলোচনা শেষ করে সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে। গত ৩০ জানুয়ারি চলতি সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
