বাউল গানে দর্শক মাতাবেন দু’বাংলার শিল্পীরা

আপলোড তারিখঃ 2019-03-04 ইং
বাউল গানে দর্শক মাতাবেন দু’বাংলার শিল্পীরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় ৩ দিনব্যাপি বিশু শাহ্ বাউল মেলার উদ্ধোধন আজ আফজালুল হক/ফেরদৌস ওয়াহিদ: সমগ্র বাংলাদেশকেই বলা যায় বৃহৎ এক মেলার দেশ। দেশের এমন কোনো জনপদ খুঁজে পাওয়া যাবে না, যেখানে বছরের কোনো না কোনো সময়ে মেলা বসে না। বাঙ্গালীর অসাম্প্রদায়িক চেতনাকে খুঁজে পাওয়ার সব থেকে সহজ মাধ্যম হল গ্রামবাংলার বিভিন্ন লোকজ মেলা। বাউল মেলা সামাজিক-সাংস্কৃতিক রূপের অনুসন্ধান আর এটাই বাউল ধর্মদর্শনের প্রধান উৎসব। বাউলদের বিচিত্র জীবন দর্শন আর বাউলভক্তদের মিলনমেলা দেখার আগ্রহ নিয়ে মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের এ বাউল মেলায় ছুটে আসেন অনেকেই। চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আধ্যত্মিক সাধক বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ বিশু শাহ্ এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৩দিন ব্যাপি এ বাউল মেলায় বিশু শাহ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে আজ সন্ধ্যায় উপস্থিত অতিথিরা এ মেলার উদ্বোধন করবেন। উদ্বোধন অনুষ্ঠানটি প্রত্যোক বারের ন্যায় এবারো উপস্থাপনা করবেন দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক। বিশু শাহ্ মাজার কমিটির সভাপতি আব্দুস সালাম জোর্য়াদ্দার ও এ বাউল মেলার সার্বিক দায়িত্বে থাকা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোর্য়াদ্দারের সাথে কথা বলে জানা গেছে, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, নইলে পরে ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ এই বিখ্যাত উক্তিকে সামনে রেখে ৩দিন ব্যাপী চলবে এই ওরশ মোবারক ও বাউল মেলা। ইতিমধ্যে বাউল মেলার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মেলা কমিটি। বিশু শাহ্ মাজারের খাদেম জয়নাল জোর্য়াদ্দারের কাছে জানতে চাইলে তিনি জানান, এবার বাবা বিশু শাহ্ এর ৮৫তম ওফাদ দিবস। আর প্রত্যেক বছর এই দিনে আধ্যত্মিক সাধককে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি। এদিকে, গতকাল রোববার সন্ধ্যায় মোমিনপুর ইউনিয়নে প্রবেশ করেই মনে হলো মেলা উপলক্ষে পুরো ইউনিয়ন জুড়ে যেন ভিন্ন আমেজ বিদ্যমান। মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি পেরুতেই সরিষাডাঙ্গা বাউল মেলার প্রধান গেট। প্রথমে একটু অবাক-ই হলাম, এতো সুন্দর আলোকসজ্জা। আরেকটু এগুতোই চোখে পড়লো বাহারি রঙের আলোকসজ্জাগুলো। বাউল মেলার মঞ্চসহ আশপাশ এলাকায় হরেকরকম আলোকসজ্জা সত্যিই দেখার মতো, যে কাউকেই আকৃষ্ট করবে। সত্যিই প্রশংসার দাবিদার এ বাউল মেলার আয়োজক কমিটি। মেলার মূল আকর্ষণ বাউল গানের আসর শুরু হচ্ছে আজ। কিন্তু এরই মধ্যে সাইজি’র অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল ভক্তরা এসেছেন/আসছেন। কেউবা এসেছেন পরিবার পরিজন নিয়ে। বিশু শাহ্ এর মাজারকে ঘিরে গড়ে ওঠা বেশ কয়েকটি ঘরেই এই ৩দিন হবে তাদের আবাসস্থল। ওরশ মোবারক চলাকালীন এখানেই বাউল ভক্তরা অবস্থান করবেন। প্রতিবেলায় বাউল ভক্ত নারী-পুরুষ ও অতিথিসহ সবাই একসঙ্গে বসে সেবা (খাবার) গ্রহণ করেন। বিশু শাহ্ এর মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেল ভক্তদের কেউ কেউ রান্নার আয়োজনে ব্যস্ত। বাউল সাধকরা নিজেদের সেবায়ক পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও তাদের সাথে কথা বলে জানা গেলো। মেলার উদ্দেশ্য নিয়ে মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের কাছে জানতে চাইলে তিনি হাসিমুখেই জানালেন, মানুষের চেতনায় মানবতাবোধ জাগ্রত করাই এই বাউল মেলার মূল লক্ষ্য। সঙ্গে যোগ করলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য এই মেলা উন্মুক্ত। এছাড়াও এই বাউল মেলার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল এখানে আগত ভক্তবৃন্দ কোনো প্রকারের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন না। এছাড়া আজ থেকে শুরু হওয়া মেলায় ইতোমধ্যে বসেছে কুটির শিল্প, মৃৎশিল্প, কাঠ-বাঁশ ও মাটির তৈরি কুটির শিল্পসামগ্রী, মিষ্টির দোকানসহ নানা রকমারি পণ্যেরও দোকান। মেলায় আগত এক বাউল বলেন, এখানে সব ধর্মের মানুষের মধ্যে ভালবাসা সৃষ্টি ও ধরণীর মঙ্গলার্থে প্রার্থনা করা হয়। আমরা গানের মাধ্যমে সেই বার্তায় সকলের মধ্যে পৌঁছে দিচ্ছি। সরিষাডাঙ্গা বাউল মেলার কদমা, মুরুলি, নিমকী, তীলের খাজা ও খেজুরের গুড়ের সন্দেশের ঘ্রাণ এখনি যেন নাকে লাগছে। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত ও কলকাতা থেকে ভক্তরা এখানে আসেন। এবার মেলায় এপার বাংলা ও ওপার বাংলার লালন শিল্পীরাসহ অঞ্জলী ঘোষ, আলামিন দেওয়ান, ও স্বপন বৈরাগী এবং ভারতের বাণিজ্য মেলা মাতানো শিল্পীগোষ্ঠী, কুষ্টিয়া লালন শাহ্ একাডেমীর শিল্পীবৃন্দ, বাঁশির যাদুকর খ্যাত বংশী বাদক খোকন শাহ, দেশ-বিদেশ মাতানো শিল্পী অর্জুন, চ্যানেল নাইনের পাওয়ার ভয়েজ তারকা জসিমসহ বিশুশাহ্ বাউল একাডেমীর শিল্পীসহ দেশবরেণ্য বাউল শিল্পীরা বিশুশাহ্ মুক্তমঞ্চে লালনের রেখে যাওয়া বিখ্যাত গান পরিবেশন করে বাউল প্রেমীদের মন মাতাবেন। রয়েল কম্পিউটারের স্বত্বাধিকারী রানা আহমেদ ও খালেক শাহ্রে তত্ত্বাবধায়নে দেশ-বিদেশের বাউলদের গানে ও পূর্ণার্থীদের ভিড়ে মুখরিত হবে ঐতিহ্যবাহী বিশু শাহ্ এর ৮৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওরশ মোবারক ও বাউল মেলা। অনুষ্ঠিতব্য বাউল সম্প্রদায়ের এ মেলায় প্রতিবারের মতো এবারও যোগ দিবেন ভারত ও বাংলাদেশের স্বনামধন্য শিল্পী ও বাউলরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)